<৬অক্টোবর ২০২৫
রোজ-সোমবার
ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য গাজা অভিমুখে ত্রাণ নিয়ে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে ইসরায়েলি সেনারা। আটক অবস্থায় তাদের মারধর, খাবার থেকে বঞ্চিত করা এবং টয়লেটের পানি পান করতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
অধিকারকর্মীরা জানিয়েছেন, বন্দি অবস্থায় হাঁটু গেড়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় তাদের। কয়েকদিন কোনো খাবার না পেয়ে টয়লেটের পানি পর্যন্ত পান করতে হয়।
১ থেকে ৩ অক্টোবরের মধ্যে ফ্লোটিলায় অংশ নেওয়া প্রায় ৪৫০ জনকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। তারা গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে চেষ্টা করছিলেন।
রোববার (৫ অক্টোবর) ইতালিতে ফিরে এসে মানবাধিকারকর্মী সিজার তোফানি জানান, তাদের সঙ্গে অমানবিক আচরণ ও হয়রানি করা হয়েছে।
ইতালির ইসলামিক কমিউনিটির সভাপতি ইয়াসিন লাফ্রাম বলেন, “আমাদের দিকে অস্ত্র তাক করা হয়, ভয় দেখানো হয়—এমন আচরণ গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়।”
সাংবাদিক সাভারিও টমাসি জানান, ইসরায়েলি সৈন্যরা ওষুধ জব্দ করে এবং আটক কর্মীদের সঙ্গে ‘বানরের মতো’ আচরণ করে। তিনি বলেন, “তারা গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা এবং ইউরোপীয় আইনপ্রণেতাদের নিয়েও হাসাহাসি করছিল।”
আরেক কর্মী পাওলো ডি মন্টিস বলেন, “আমাদের হাত জিপ টাই দিয়ে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে থাকতে বাধ্য করা হয়। মাথা তুললে মারধর করা হতো।”
মালয়েশীয় অভিনেত্রী হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমি জানান, আটক অবস্থায় তারা টয়লেটের পানি পান করতে বাধ্য হয়েছিলেন। হাজওয়ানি বলেন, “কিছু মানুষ খুব অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু সৈন্যরা বলেছিল, যদি মারা না যায় তাহলে সমস্যা নেই।”
হেলিজা বলেন, “আমি ১ অক্টোবরের পর কিছু খাইনি। তিন দিন কিছু না খেয়ে শুধু টয়লেটের পানি খেয়েছি।”
এছাড়া, আগেই জানা যায় যে, ফ্লোটিলা থেকে আটক পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি সেনারা নির্যাতন ও অপমান করেছে। তাকে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয় এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে।
Tags
আন্তজার্তিক
