ট্রাফিক পুলিশের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার।

ট্রাফিক পুলিশের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার।

বুধবার, ২২ অক্টোবর ২০২৫



নারায়ণগঞ্জ: ঢাকার কলাবাগান এলাকায় পুলিশ বক্সের সামনে থেকে ১২ বছর বয়সী এক শিশুকে নিজের বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে এক ট্রাফিক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়।

গ্রেপ্তার হওয়া মো. রুহুল আমিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত ছিলেন। ৪১ বছর বয়সী এই কনস্টেবল মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির শেখ সাদির ছেলে এবং বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা থেকে ওই পুলিশ সদস্যকে শিশুটির সাথে আটক করা হয়। পরে রাত ১টার দিকে তাকে সদর মডেল থানা থেকে বন্দর থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর রুহুল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

ভুক্তভোগী শিশুটি, যার বাড়ি মাদারীপুর জেলায় এবং সে ঢাকার কলাবাগানে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। শিশুটির চাচা ধর্ষণের অভিযোগে বন্দর থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলা ও প্রাথমিক তদন্তের তথ্যের ভিত্তিতে ওসি লিয়াকত আলী জানান, সোমবার দুপুরে কলাবাগান পুলিশ বক্সের সামনে শিশুটি কাঁদছিল। সেই সময় পুলিশ বক্সে দায়িত্বরত ছিলেন কনস্টেবল রুহুল আমিন। তিনি শিশুটিকে সেখান থেকে নারায়ণগঞ্জের বন্দরে তার ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন।

পরে যখন তিনি শিশুটিকে নিয়ে ঢাকার দিকে ফিরছিলেন, তখন চাষাঢ়ায় শিশুটির কান্নাকাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা পুলিশকে খবর দেয়।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানিয়েছেন, ওই পুলিশ কনস্টেবলকে মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

নবীনতর পূর্বতন