📰 রায়পুরে সড়ক না জলাশয়? নতুন বাজার থেকে মহিলা কলেজ সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক!
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
এক সময় যেই রাস্তায় প্রতিদিন ব্যস্ত মানুষের চলাচল ছিল, এখন সেটাই পরিণত হয়েছে কাদা–পানিতে ভরা বিপজ্জনক জলাশয়ে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নতুন বাজার থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়কটি এখন যেন এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।
বৃষ্টির পানি ও ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন বিপাকে পড়ছেন শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ঝুঁকি নিয়েই তাদের যেতে হচ্ছে স্কুল–কলেজ ও কর্মস্থলে।
এলাকাবাসীর অভিযোগ—দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানালেও কোনো ফল মিলেনি। অবশেষে ড্রেন ও রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও চলছে অত্যন্ত ধীরগতিতে।
এদিকে ড্রেনের কাজের জন্য খোলা রডগুলো এখন ছোট বাচ্চা ও শিক্ষার্থীদের জন্য ভয়ঙ্কর ঝুঁকিতে পরিণত হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। রাস্তাটির দুই পাশে বসতবাড়ি থাকায় দুর্ঘটনার আশঙ্কাও দিন দিন বাড়ছে।
স্থানীয়রা দ্রুত সংস্কার কাজ শেষ করে নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
