বিয়ে করছেন ইশরাক হোসেন, কনে ব্যারিস্টার

 বাগদান সারলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জীবনসঙ্গী ব্যারিস্টার নুসরাত খান।

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

​বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী, প্রকৌশলী ইশরাক হোসেন সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন। তার হবু স্ত্রী হলেন ব্যারিস্টার নুসরাত খান।

​শনিবার (১১ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রকৌশলী ইশরাক হোসেন গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে বিয়ের আংটি বদল করেন।

​জানা গেছে, কনে ব্যারিস্টার নুসরাত খান হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য এবং টাঙ্গাইল জেলা থেকে নির্বাচিত সাবেক সাংসদ নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

​ইশরাক হোসেনের মা ইসমত হোসেন জানান, সম্পূর্ণ পারিবারিক আয়োজনে হঠাৎ করেই এই বাগদান ও আংটি পরানোর পর্ব সম্পন্ন হয়েছে। তিনি নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

​উল্লেখ্য, ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে 'ও' লেভেল এবং 'এ' লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষে কিছুকাল যুক্তরাজ্যে বিভিন্ন মোটরগাড়ি সংস্থায় কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বর্তমানে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ রাজনীতিক সাদেক হোসেন খোকার সন্তান। পিতার রাজনৈতিক আদর্শের অনুসারী হিসেবে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত।

নবীনতর পূর্বতন