বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস: দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

 বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস: দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



ঢাকা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির প্রক্রিয়া চলছে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সংস্থাটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই পূর্বাভাস দেয়।

পূর্বাভাস অনুযায়ী, এই প্রক্রিয়াটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে। এরপর এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৫-২৬ অক্টোবরের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে রূপ নিতে পারে।

আরও জানানো হয়, সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপটি ২৭-২৮ তারিখ নাগাদ আরও পশ্চিম-উত্তরপশ্চিম ও উত্তরপশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এবং একটি মাঝারি মানের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামী ২৮-২৯ তারিখ নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। তবে সিস্টেমটি পুরোপুরি সুসংগঠিত না হওয়া পর্যন্ত এর আঘাত হানার সঠিক স্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। ফলে এই পূর্বাভাস পরবর্তীতে পরিবর্তিত হতে পারে।

এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে একটি বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যার নাম হতে পারে 'আঁখি'। এই বৃষ্টিবলয়টি আগামী ২৮ বা ২৯ তারিখ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে প্রায় ২/৩ তারিখ পর্যন্ত দেশজুড়ে অব্যাহত থাকতে পারে।

প্রাথমিক পর্যবেক্ষণ অনুসারে, ঘূর্ণিঝড়টির সম্ভাব্য আঘাত হানার স্থানের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকতে পারে।

নবীনতর পূর্বতন