৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের বাংলামোটরে সড়ক অবরোধ
শুক্রবার,২৪ অক্টোবর ২০২৫
ঢাকা: ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে চাকরির প্রত্যাশীরা রাজধানীর বাংলামোটর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিশেষ বিধিমালা-২০২৫-এর অনুমোদন বিলম্ব এবং নন-ক্যাডার প্রার্থীদের সুপারিশে বঞ্চনার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে চাকরিপ্রত্যাশীরা বাংলামোটরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগের জন্য প্রস্তাবিত বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন পেতে দেরি হচ্ছে। একইসঙ্গে তারা নন-ক্যাডার পদে সুপারিশ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান। এর প্রতিবাদেই তারা এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
উল্লেখ্য, এর আগেও গত মঙ্গলবার (২১ অক্টোবর) ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা আগারগাঁওয়ের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেছিলেন। সে সময় তাদের প্রধান দাবি ছিল:
১. ৪৩তম বিসিএস-এর পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা দ্রুত প্রকাশ করা।
২. জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো অধিযাচিত শূন্য পদগুলোতে দ্রুততম সময়ের মধ্যে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের সুপারিশ করা।
বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও বিষয়টি নিয়ে দীর্ঘসূত্রতা ও অবহেলা করায় চাকরিপ্রত্যাশীরা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
