বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্ব বাজারে স্বর্ণের চাহিদা বাড়ায় মূল্যবান এই ধাতুটির দাম আবারও বেড়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে এই মূল্যবৃদ্ধি ঘটেছে, যার মূল কারণ রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং চীনের রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনা। এই ঘটনাগুলি বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলেছে এবং বৈশ্বিক অস্থিরতা বাড়িয়েছে।

বৃহস্পতিবার দুপুর নাগাদ স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৪,১১৯.৪৯ ডলারে পৌঁছে, যা আগের দিনের তুলনায় ০.৬ শতাংশ বেশি। এর আগে বুধবার (২২ অক্টোবর) দাম প্রায় দুই সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। ডিসেম্বর মাসের সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দামও ১.৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,১৩৬ ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন, যেখানে রাশিয়ার তেল কোম্পানি লুকঅয়েল ও রসনেফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ল্যাপটপ থেকে জেট ইঞ্জিন পর্যন্ত বিভিন্ন সফটওয়্যার-নির্ভর রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে। এর আগে বেইজিং বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

চলতি বছরে স্বর্ণের দাম এখন পর্যন্ত প্রায় ৫৭ শতাংশ বেড়েছে এবং সোমবার তা ইতিহাসের সর্বোচ্চ ৪,৩৮১.২১ ডলার প্রতি আউন্সে পৌঁছায়। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, সুদহার কমার সম্ভাবনা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমাগত স্বর্ণ কেনা এই মূল্যবৃদ্ধির মূল কারণ।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে, বৃহস্পতিবার স্পট রুপার দাম ১.৭ শতাংশ বেড়ে ৪৯.৩৩ ডলার প্রতি আউন্সে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ২.৩ শতাংশ বেড়ে হয়েছে ১,৬৫৯.৫০ ডলার, তবে প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ কমে ১,৪৫০ ডলারে নেমেছে।

নবীনতর পূর্বতন