সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে সৌদি আরব সফরে যাচ্ছেন। তিনি আগামী ২৭ অক্টোবর রিয়াদে শুরু হতে যাওয়া 'ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগের নবম সংস্করণ' (FII Nine) শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ আয়োজনে প্রধান উপদেষ্টা বক্তব্য প্রদান করবেন। তিনি আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করবেন।
জানা যায়, গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ২০১৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হলো।
সম্মেলনটিতে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বিশ্বব্যাপী আয়ের বৈষম্য মোকাবিলা, মুক্ত বাণিজ্য ও এর ভূ-রাজনৈতিক প্রভাবগুলোর বাইরে নতুন পথে যাত্রা, টেকসই প্রবৃদ্ধির চালিকাশক্তি, কোয়ান্টাম কম্পিউটিং ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রতিযোগিতা, এবং শক্তি রূপান্তরের পথে অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানিয়েছেন, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও একটি সৌজন্য সাক্ষাৎ করবেন।
.jpg)