নারায়ণগঞ্জের বিসিকে ভয়াবহ বিস্ফোরণ: ছয় শ্রমিক দগ্ধ


নারায়ণগঞ্জের বিসিকে ভয়াবহ বিস্ফোরণ: ছয় শ্রমিক দগ্ধ

​নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় অবস্থিত এম এস ড্রাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

​আজ, রোববার (২৬ অক্টোবর), সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

​আহত শ্রমিকদের পরিচয় জানা গেছে। তারা হলেন আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫)। এছাড়াও দগ্ধদের মধ্যে রয়েছেন নিরাপত্তা প্রহরী সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

​কারখানা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালের দিকে শ্রমিকরা নিচতলায় বয়লার রুমে কাজ করছিলেন। এ সময় গ্যাস লাইনে আকস্মিকভাবে একটি বিকট বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এই ঘটনায় ছয়জন শ্রমিক মারাত্মকভাবে ঝলসে যান। পরে সহকর্মীরাই তাদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন।

​জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দগ্ধ শ্রমিকদের জরুরি বিভাগে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি জানান, তাদের সকলের অবস্থাই গুরুতর। তবে প্রত্যেকের শরীরের কত শতাংশ পুড়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।

নবীনতর পূর্বতন