পদ্মা নদী থেকে ৭টি ভারতীয় মহিষ জব্দ করলো বিজিবি ।চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৭টি ভারতীয় মহিষ আটক, শুল্ক কার্যালয়ে হস্তান্তর
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে আসা ৭টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রাণীনগর এলাকা থেকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই মহিষগুলো আটক করে। একই দিন রাতে গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন।
অধিনায়ক জানান, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টা ১৫ মিনিটে ব্যাটালিয়নের চরবাগডাংগা বর্ডার আউট পোস্টের (বিওপি) একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রাণীনগর এলাকায়, যা সীমান্ত থেকে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
তিনি আরও জানান, টহল দলটি এ সময় ভারত থেকে অবৈধভাবে চোরাচালানকৃত অবস্থায় পদ্মা নদীতে ভাসমান ৪টি এবং নদীর মধ্যবর্তী চরে থাকা আরও ৩টি—মোট ৭টি ভারতীয় মহিষ জব্দ করতে সক্ষম হয়। তবে এই বিশেষ অভিযানে জড়িত কাউকে আটক করা যায়নি।
লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, জব্দকৃত মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত এলাকায় অবৈধ গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে ৫৩ বিজিবি সর্বদা সক্রিয় ও সচেষ্ট আছে।
