অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫



ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ অক্টোবর) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের তথ্য অনুযায়ী, বরিশাল-১ আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা মূল্যের (নির্দিষ্টভাবে ১৯ কোটি ৭১ লাখ টাকা) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও, বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ৮০ কোটি ৪৯ লাখ টাকার সন্দেহজনক অর্থ লেনদেনেরও তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি।

দুদকের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার (আবুল হাসানাত আব্দুল্লাহ) কথিত দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখতে শুরু করে দুদক। উল্লেখ্য, আবুল হাসানাত আব্দুল্লাহ হলেন শেখ হাসিনার ফুফাতো ভাই।

আলোচিত সাভারের সাবেক চেয়ারম্যান রাজীবের বিরুদ্ধেও মামলা অনুমোদন

একই দিনে কমিশন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধেও দুটি মামলার অনুমোদন দিয়েছে। রাজীবের বিরুদ্ধে প্রায় সাড়ে চার কোটি টাকার অবৈধ সম্পদ এবং ১০৯ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

দুদক জানিয়েছে, এই দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শেষে কমিশন আইন অনুযায়ী মামলার অনুমোদন দিয়েছে।

নবীনতর পূর্বতন