টিউশনি বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার।
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
ঢাকা: পুরান ঢাকার আরমানিটোলায় একটি টিউশনি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় আরমানিটোলার পানির পাম্প গলির ওই বাসাটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুবায়েদ হোসাইন জবির পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। একইসঙ্গে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতির দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
জানা যায়, রবিবার সন্ধ্যায় জুবায়েদ ওই বাসাটিতে টিউশনি করাতে গিয়েছিলেন। সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুবায়েদের টিউশনির বাসার সিঁড়ি থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, "কে বা কারা তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।"
এই বেদনাদায়ক ঘটনায় জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক শোক প্রকাশ করেছেন। তিনি জানান, "জুবায়েদের মৃত্যুর খবর পেয়েছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। পুলিশকে সকল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে বলা হয়েছে এবং আমিও ঘটনাস্থলে যাচ্ছি।"
