চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় আবদুল হাকিম (৪৫) নামে এক বিএনপি কর্মীকে প্রাইভেট কারের ভেতরে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনার পর হত্যার প্রতিবাদে রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে বিএনপি ও যুবদল কর্মীরা বিক্ষোভ করেন।
হাটহাজারী প্রতিনিধি জানান, বাগোয়ানের পাঁচখাইন গ্রামের বাড়ি থেকে প্রাইভেট কারে করে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেন আবদুল হাকিম। সন্ধ্যায় গাড়িটি মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে হাটহাজারী অংশে পৌঁছালে পেছন থেকে কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতি রোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় গাড়িতে থাকা অন্য তিনজনও গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হাকিমের মৃত্যু হয়।
উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত তিনজন বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, “আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে। তদন্ত চলছে।”
এদিকে, আবদুল হাকিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাউজানের বিভিন্ন স্থানে বিএনপি ও যুবদল কর্মীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
প্রসঙ্গত, রাউজানে বিএনপির গিয়াস কাদের গ্রুপ ও গোলাম আকবর খোন্দকার গ্রুপের দ্বন্দ্বে গত এক বছরে অন্তত দশজনের বেশি নেতা-কর্মী খুন হয়েছেন। দলীয় অন্তর্কোন্দলের জের ধরে এবারের হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয় সূত্রের ধারণা।
Tags
রাজনৈতিক
