২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তিনটি বিষয়ের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিষয়গুলো হলো— বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং।
রোববার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সংশোধিত তিন বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন নিম্নরূপ—
বাংলা দ্বিতীয় পত্র:
রচনামূলক অংশ থেকে অনুবাদ প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। অনুবাদের জন্য নির্ধারিত ১০ নম্বর এখন সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি):
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। এই অংশের ১০ নম্বর যুক্ত হয়েছে বহুনির্বাচনী প্রশ্নের সঙ্গে। ফলে এখন বহুনির্বাচনী প্রশ্নের মোট মান দাঁড়িয়েছে ২৫ নম্বর।
ফিন্যান্স ও ব্যাংকিং:
মোট ১৫টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে— ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি। শিক্ষার্থীদের যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টি প্রশ্নসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষাতেও এই নতুন প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন অনুসারে প্রশ্ন তৈরি করতে হবে।
Tags
শিক্ষা
