বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
সারাদেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়। ছুটির দিনে এ বৃষ্টিতে নগরবাসী জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হননি। তবে দুর্ভোগে পড়েছেন বিসিএস পরীক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও পথচারীরা। হঠাৎ বৃষ্টি আর যানজটে ভোগান্তিতে পড়েছে পুরো নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, “মেঘের একটি ভারী সেল আছে। এটি শেষ হলেও আবার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আগামী চার-পাঁচ দিন এমন আবহাওয়া থাকতে পারে।”
শুক্রবার রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তা ‘ভারী বৃষ্টি’ হিসেবে ধরা হয়। একই দিনে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁয়ও বৃষ্টি হয়েছে।
এদিকে, মৌসুমি বায়ু চলতি সপ্তাহে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে ধারণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বায়ু বিদায়ের আগে এমন অস্থায়ী বৃষ্টিপাত স্বাভাবিক বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, ২০ অক্টোবরের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এরপর মৌসুমি বায়ু বিদায় নিতে পারে এবং দেশের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
