রুমিন ফারহানার হুঁশিয়ারি: 'বিদেশি উপদেষ্টারা চাইলেই দেশ ছাড়তে পারবেন, সাধারণ মানুষ পারবে না
শুক্রবার,১০ অক্টোবর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া: শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনুষ্ঠিত এক জনসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের উপদেষ্টাদের 'বিদেশি নাগরিক' আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন।
আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি 'সেইফ এক্সিট' প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, "সেইফ এক্সিটের কথা আর কী বলব! প্রত্যেক উপদেষ্টাই তো বিদেশি নাগরিক। দেশে কোনো সমস্যা হলে তারা খুব সহজেই বিদেশে চলে যেতে পারবেন। কিন্তু আপনি বা আমি তা পারব না।"
সরকারের প্রতি সতর্কবাণী
রুমিন ফারহানা সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, "আমাদের কারও কোনো দেশে ভিসা লাগানো নেই। তাই সরকারকে অনুরোধ করছি— এমন কোনো কাজ, অপকর্ম, দুর্নীতি বা এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যার জন্য আপনাদের সেইফ এক্সিটের প্রয়োজন হয়। স্বচ্ছতা, সততা ও দেশপ্রেম বজায় রেখে কাজ করুন, যাতে নিরাপদ প্রস্থানের কথা ভাবতে না হয়।"
ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের দাবি
নির্বাচন প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, "আমরা ধরে নিয়েই এগোচ্ছি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।" তিনি হুঁশিয়ারি দেন, যদি কোনো দল মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা সুবিধা করতে পারবে না এবং নির্বাচন বানচালের চেষ্টা করে, তবে তার ফল ভালো হবে না। রুমিন ফারহানার স্পষ্ট ঘোষণা, "ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতেই হবে।"
দলের প্রতি প্রস্তুতি নেওয়ার আহ্বান
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "অনেকেই ভাবেন আওয়ামী লীগ না থাকলে নির্বাচন সহজ হয়ে যাবে। কিন্তু তা এত সহজ হবে না।" তিনি এখন থেকেই সকলকে নির্বাচনের প্রস্তুতি শুরু করার আহ্বান জানান।
উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
