হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

আফগান সীমান্তে উত্তেজনার পারদ তুঙ্গে: পাকিস্তানের হামলা, আফগানিস্তানের পাল্টা জবাব।

রবিবার, ১২ অক্টোবর ২০২৫



আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত পরিস্থিতি পুনরায় তীব্র উত্তেজনার জন্ম দিয়েছে। সর্বশেষ সংঘাতে দুই দেশের মধ্যে সীমান্তজুড়ে হামলা-পাল্টা হামলার খবর পাওয়া যাচ্ছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার নিশ্চিত করেছে যে তারা পাকিস্তানের সামরিক অবস্থানগুলোতে পাল্টা সামরিক অভিযান চালিয়েছে। কাবুলের দাবি, পাকিস্তানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সীমান্ত লঙ্ঘন ও আফগান ভূখণ্ডে গোলাবর্ষণের জবাবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির ভাষ্যমতে, "আফগান সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত আসায়" তাদের সামরিক বাহিনী সীমান্তের ওপারে অবস্থিত পাকিস্তানি সেনা পোস্টগুলো লক্ষ্য করে এই অভিযান চালায়।

আফগান মিডিয়া সূত্রে জানা যায়, এই সামরিক সংঘর্ষে পাকিস্তানের একাধিক সেনা পোস্ট ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকটি এলাকায় তীব্র লড়াইয়ের পর পাকিস্তানি বাহিনী তাদের কিছু অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়। সংঘর্ষের ঘটনাগুলো পাকতিয়া, খোস্ত, হেলমান্দ ও নানগারহার প্রদেশের পাক-আফগান সীমান্তে ঘটেছে।

তালেবান সূত্রের দাবি অনুযায়ী, এই সীমান্ত সংঘাতে পাকিস্তানের এক ডজনেরও বেশি সেনা হতাহত হয়েছে। এছাড়াও, আফগান বাহিনী পাঁচটি সীমান্তচৌকি দখল করে নিয়েছে এবং বেশ কিছু ভারী অস্ত্র ও সামরিক যানবাহন জব্দ করেছে। যদিও এই ঘটনাগুলো নিয়ে পাকিস্তান এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ইসলামাবাদের অভিযোগ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের মাটিতে আশ্রয় নিয়ে পাকিস্তান ভূখণ্ডে হামলা পরিচালনা করছে। অন্যদিকে, কাবুল পাল্টা অভিযোগ করে যে পাকিস্তান নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা তৈরি করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই সামরিক সংঘাত দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। আফগান-পাক সীমান্তে এই নতুন করে উত্তেজনা দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে, বিশেষত এই অঞ্চলে যখন চীন, ইরান ও ভারতের মতো দেশগুলোর ভূরাজনৈতিক স্বার্থ জটিলভাবে জড়িয়ে রয়েছে।

নবীনতর পূর্বতন