আমার কোনো অনুশোচনা নেই": জুলাই অভ্যুত্থানে নিজের ভূমিকা নিয়ে মন্তব্য সাকিবের

আমার কোনো অনুশোচনা নেই": জুলাই অভ্যুত্থানে নিজের ভূমিকা নিয়ে মন্তব্য সাকিবের।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫



ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের 'পোস্টারবয়' সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দল থেকে প্রায় নির্বাসিত জীবন যাপন করছেন। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি, তবে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা ক্ষীণ। কিছুদিন আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রকাশ্যেই ঘোষণা দেন যে তিনি সাকিবকে আর জাতীয় দলে খেলতে দেবেন না, তাকে 'স্বৈরাচারের সহযোগী' হিসেবেও আখ্যায়িত করেন।

গত বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর আগে জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। আন্দোলন যখন চরম আকার ধারণ করে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নির্দেশে ছাত্র-জনতার ওপর বলপ্রয়োগ ও হত্যাযজ্ঞ চলছিল, তখন দেশের বাইরে আমেরিকায় অবস্থান করছিলেন এই ক্রিকেটার ও রাজনীতিবিদ। জন-আকাঙ্ক্ষার বিপরীতে সেই কঠিন সময়ে তিনি নিশ্চুপ ছিলেন। সরকার পতনের পর থেকে তিনি একরকম স্বেচ্ছানির্বাসনেই আছেন।

জাতীয় দলে জায়গা হারালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতে নিয়মিত খেলছেন সাকিব। চলতি বছর তিনি সিপিএল, কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি এবং মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) অংশ নিয়েছেন, যেখানে আটলান্টা ফায়ারের হয়ে শিরোপা জেতেন।

সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন।

অভ্যুত্থানের সময়কার ভূমিকা নিয়ে:

গত বছরের অভ্যুত্থানকালীন সময়ে নিজের ভূমিকা এবং নীরবতা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সাকিব জানান, মুহূর্তটি তার বিরুদ্ধে গেলেও তিনি অনুশোচনায় ভুগছেন না।

সাকিবের ভাষ্য, "আমি মনে করি সেটি ছিল একটিমাত্র মুহূর্ত যা আমার বিরুদ্ধে গেছে। হয়তো মানুষ অন্য কিছু আশা করছিল, আর আমি সেই অবস্থানে ছিলাম না, কিংবা সত্যি বলতে আমি পুরো পরিস্থিতি বুঝতেই পারিনি। আমি তখন দেশের বাইরে ছিলাম, তাই বিষয়টা কঠিন ছিল। আমি তাদের অবস্থান বুঝতে পারি এবং সম্মান করি, কিন্তু আমার কোনো অনুশোচনা নেই। বরং আমি মনে করি, মানুষ এখন ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে শুরু করেছে।"

অবসর প্রসঙ্গে:

এই সাক্ষাৎকারে সাকিব তার অবসর নিয়েও কথা বলেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, "না, সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই অফিসিয়ালি অবসর নিইনি।"

তিনি 'হোম অব ক্রিকেট'-এ (মিরপুর) তার ক্যারিয়ারের ইতি ঘোষণার ইচ্ছা প্রকাশ করে বলেন, "হ্যাঁ, ১০০%। এটা হয়তো আমার চেয়ে আমার ভক্তদের জন্যই বেশি। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটাই হবে আমার ও আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।" তবে এই আশা পূরণের পথ যে খুবই কঠিন, সে ইঙ্গিতও রয়ে গেছে।

নবীনতর পূর্বতন