লক্ষ্মীপুর: রায়পুরে ফার্নিচার দোকানের কর্মচারী আরিফের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ডের গোলাম রহমান সরদার বাড়িতে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। রোববার ভোরে স্থানীয় থানা পুলিশ আরিফ (৪০) নামের এক ফার্নিচার দোকানের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে। নিহত আরিফ ওই এলাকার মানিক মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার পর আরিফের স্ত্রীর মোবাইলে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। তিনি কলটি ধরতে না পারায় কিছুক্ষণ পরেই বাসার বাইরে থেকে কেউ তার স্বামীকে ডাকতে শুরু করে এবং তাকে সাথে নিয়ে যায়। কে বা কারা ডেকে নিয়েছিল, তা তিনি দেখতে পারেননি।
শারীরিক অসুস্থতা (প্রতিবন্ধিতা) থাকায় স্ত্রী সে রাতে বাইরে খোঁজ নিতে পারেননি। সকালে এলাকাবাসীর মাধ্যমে তিনি জানতে পারেন, বাড়ির পাশেই তার স্বামীর নিথর দেহ পড়ে আছে।
নিহত আরিফের দুই মেয়ে আঁখি (১৭) এবং মুন্নি (১৫) অভিযোগ করেছেন, তাদের বাবাকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে। তারা দাবি করেন, পার্শ্ববর্তী বাড়ির লিলি কমিশনারের সাথে তাদের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই তাদের বাবাকে খুন করা হয়েছে বলে তাদের সন্দেহ। তারা এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও লিলি কমিশনারকে পাওয়া যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে।
