চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন! ৯ তলা কারখানা জ্বলছে, আগুন নিয়ন্ত্রণে ১৫ ইউনিট
দৈনিক জনশক্তি কণ্ঠ ডেস্ক রিপোর্ট | ১৬ অক্টোবর ২০২৫, চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় অবস্থিত ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়তলা বিশিষ্ট এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন, যেখানে মূলত মেডিক্যাল একসেসরিজ তৈরি হতো।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন।
তিনি জানান, দুপুর পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না—তা এখনো নিশ্চিত নয়।
এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ৬টি ইউনিট এবং বিমানবাহিনীর ফায়ার ইউনিট আগুন নেভানোর কাজে সহায়তা করছে।
অগ্নিকাণ্ডের সময় কারখানায় কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আগুনের তীব্রতায় আশপাশের ভবনগুলোও আতঙ্কিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।
বিস্তারিত জানতে সাথে থাকুন — দৈনিক জনশক্তি কণ্ঠ।
