আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যে উল্লম্ফন, দেশের বাজারে আজ প্রতি ভরি কত?
দৈনিক জনশক্তি কন্ঠ
প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫,
সাম্প্রতিক সময়ে সোনার দাম একের পর এক নতুন রেকর্ড গড়ছে। বিশেষত, বিগত এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর মূল্যবৃদ্ধির হার ইতিহাসে বিরল। সেই ধারাবাহিকতায়, শুক্রবার (১৭ অক্টোবর) সকালেও সোনার দাম আরেকটি নতুন মাইলফলক অতিক্রম করেছে।
বিশ্ববাজারে এদিন সকালে প্রতি আউন্স সোনার দাম ৪,৩০০ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে এক আউন্স সোনা ৪,৩২৭ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, মার্কিন সুদের হার কমানোর পূর্বাভাস, কেন্দ্রীয় ব্যাংকের ক্রমবর্ধমান সোনা ক্রয়, ডলারের উপর নির্ভরতা কমানোর বৃহত্তর প্রবণতা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ETF) শক্তিশালী প্রবাহের কারণে চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে।
অ্যাক্টিভ ট্রেডস-এর বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টার ধারণা, মার্কিন সরকারের শাটডাউন দীর্ঘায়িত হওয়া, ফেড কর্মকর্তাদের কঠিন মন্তব্য এবং যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির ফলে বছরের শেষ নাগাদ সোনার দাম আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়া স্বাভাবিক। ধারণা করা হচ্ছে, যেকোনো মুহূর্তে দেশীয় বাজারেও সোনার দাম আরও এক দফা বাড়তে পারে।
তবে, গত দুই দিনে বিশ্ববাজারে দাম বাড়লেও দেশের জুয়েলার্স সমিতি (বাজুস) এখনও দাম বাড়ায়নি। বর্তমানে দেশের বাজারে সর্বোচ্চ মানের; অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২,১৬,৩৩২ টাকায়। এছাড়াও, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,০৬,৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১,৭৭,০০১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা ১,৪৭,৩৫১ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, দেশে এখন ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬,২০৫ টাকায়, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫,৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫,০৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম বর্তমানে ৩,৮০২ টাকা রয়েছে।
