ফিলিপাইনে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫




দক্ষিণ ফিলিপাইনে শুক্রবার (১৭ অক্টোবর) সকালে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সুরিগাও দেল নর্তে প্রদেশের দাপা পৌরসভার অদূরে, ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরে।

স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা রালফ ক্যাডালেনা জানান, হঠাৎ করে একটি তীব্র কম্পন অনুভূত হলেও সেটি বেশিক্ষণ স্থায়ী ছিল না। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এটি গত সাত দিনের মধ্যে ফিলিপাইনে আঘাত হানা তৃতীয় শক্তিশালী ভূমিকম্প। এর আগে, মিন্দানাও দ্বীপে ৭.৪ এবং ৬.৭ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে কমপক্ষে আটজনের প্রাণহানি ঘটে।

আরও পূর্বে, সেবু প্রদেশে ৬.৯ মাত্রার একটি ভূমিকম্পে ৭৬ জন নিহত হন এবং প্রায় ৭২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার' নামক ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থানের কারণে ফিলিপাইনে নিয়মিতই প্রাকৃতিক কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ছিল ১৯৭৬ সালে মিন্দানাও উপকূলে আঘাত হানা ৮ মাত্রার ভূমিকম্প ও সুনামি। সেই ঘটনায় প্রায় ৮ হাজার মানুষ মারা যান বা নিখোঁজ হন।

নবীনতর পূর্বতন