মানবাধিকার মামলার শুনানিতে শেখ হাসিনাকে নির্দোষ দাবি, খালাসের আবেদন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর

মানবাধিকার মামলার শুনানিতে শেখ হাসিনাকে নির্দোষ দাবি, খালাসের আবেদন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর

সোমবার, ২০ অক্টোবর ২০২৫




জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক শুরু করে তাঁর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাঁকে নির্দোষ দাবি করেন এবং ট্রাইব্যুনালের কাছে খালাসের আর্জি জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে শেখ হাসিনার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি দাবি করেন, এই আইনের (ট্রাইব্যুনাল আইন) কিছু সীমাবদ্ধতা আছে এবং এর অধীনে বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে।

রাষ্ট্রপক্ষের উত্থাপিত বিভিন্ন যুক্তিতর্কের বিরোধিতা করে আইনজীবী আমির হোসেন বলেন, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে শেখ হাসিনার কোনো ভূমিকা ছিল না। তিনি আরও বলেন, সরকার পরিচালনা করতে গেলে কিছু কঠিন ও অপ্রিয় সিদ্ধান্ত নিতে হতে পারে।

এর আগে টানা পাঁচ দিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মামলার অভিযোগের প্রেক্ষাপট ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছিলেন।

এদিকে, এই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সোমবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

নবীনতর পূর্বতন