জাতীয় সংসদ ভবন এলাকায় ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ।
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশের চেষ্টা করা ‘জুলাই যোদ্ধাদের’ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়ায়। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দেন।
সূত্রে জানা গেছে, সংসদ ভবনের সামনে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ সদস্যরা সংসদ ভবনের ১২ নম্বর ফটক অতিক্রম করে বাইরে আসেন এবং সেখানে বেশ কয়েকটি বাস ও ট্রাকে ভাঙচুর করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাঙচুর হওয়া যানবাহনের মধ্যে পুলিশের দুটি গাড়িও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সদস্যরা টিয়ারশেল ব্যবহার করেন। জবাবে বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
বর্তমানে সংসদ ভবন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
এর আগে, শুক্রবার সকালে আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তারা গেট টপকে ভেতরে প্রবেশ করেন এবং মঞ্চের সামনে রাখা অতিথিদের চেয়ারে বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
প্রসঙ্গত, আজ (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে।
