চট্টগ্রামের পুকুরে তলিয়ে গেল ৩ শিশুর জীবন

 


চট্টগ্রামের পুকুরে তলিয়ে গেল ৩ শিশুর। জীবনচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের ঘনিষ্ঠ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার দক্ষিণপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো— সুমাইয়া আক্তার (৯), রুবিনা পারভীন হাবীবা (৭) এবং জান্নাত আক্তার (১০)।

জানা যায়, সুমাইয়া স্থানীয় বাসিন্দা মো. রাজুর কন্যা, রুবিনা পাশের বাড়ির মো. কালু মিয়ার মেয়ে এবং জান্নাত পারুয়া সাহাব্দীনগর গ্রামের প্রবাসী মো. নাসেরের মেয়ে। সম্পর্কে সুমাইয়া ও জান্নাত আপন খালাতো বোন, এবং হাবীবা ও সুমাইয়া চাচাতো বোন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘটনার দিন দুপুরে জান্নাত তার মামার সঙ্গে উত্তর পারুয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে। গল্প করার এক ফাঁকে দুই খালাতো বোন সুমাইয়া ও জান্নাত স্থানীয় মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে যোগ দেয় শিশু হাবীবাও। একপর্যায়ে তাদের স্বজনেরা তাদের গোসল শেষে বাড়ি ফিরিয়ে আনেন। কিন্তু এর পরপরই তারা সকলের নজর এড়িয়ে আবারও পুকুরে নেমে যায় এবং পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনেরা পুকুরে খুঁজতে গেলে দেখেন তিন শিশুই পানিতে ডুবে ভেসে উঠেছে।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় মোহাম্মদ হারুন সওদাগর বলেন, শিশুগুলোকে তাদের অভিভাবকরা একবার পুকুর থেকে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু তারা ফের সবার অলক্ষ্যে পুকুরে চলে যায় এবং এই দুর্ঘটনা ঘটে।

পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন এ প্রসঙ্গে বলেন, "এই তিনটি নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু আমাদের সকলকে শোকাহত করেছে। পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।"

নবীনতর পূর্বতন