মুন্সীগঞ্জে ৬২৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, মৎস্যসম্পদ রক্ষায় বড় সাফল্য




মুন্সীগঞ্জে ৬২৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, মৎস্যসম্পদ রক্ষায় বড় সাফল্য।

কোস্ট গার্ড এবং মৎস্য অধিদপ্তরের সমন্বিত অভিযানে মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬২৬ কোটি টাকা। দেশের ইতিহাসে এত বিশাল অঙ্কের কারেন্ট জাল উদ্ধারের ঘটনা এটিই প্রথম।

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে শুরু করে শনিবার সকাল ৮টা পর্যন্ত মুন্সীগঞ্জের মুক্তারপুর সংলগ্ন ডিঙ্গাভাঙ্গাসহ বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা এবং মৎস্য অধিদপ্তর।

অভিযানের সময় মোট ছয়টি গোডাউন এবং ছয়টি জাল তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে প্রায় ১৭ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কোস্ট গার্ডের হিসেব অনুযায়ী, জব্দকৃত এই জালের বাজারমূল্য প্রায় ৬২৬ কোটি ৫৯ লাখ টাকা।

বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি জানিয়েছেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহার বন্ধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে আসছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ হওয়া জালের বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

নবীনতর পূর্বতন