ড. মুহাম্মদ ইউনূসের সৌদি সফর স্থগিত; প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিশেষ দূত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। রিয়াদে অনুষ্ঠিতব্য 'ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)' সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা ছিল।
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান-এর আমন্ত্রণে এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে থাকার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত এই সফরটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের অনুপস্থিতিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তাঁর আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত, ড. লুৎফে সিদ্দিকী।
প্রসঙ্গত, গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
