পোলট্রি খামারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী বার্ড ফ্লু, বিশ্বজুড়ে আতঙ্ক!
বিশ্বের বিভিন্ন দেশে পোলট্রি খামারে আবারও ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী বার্ড ফ্লু ভাইরাস। ইতোমধ্যেই হাজার হাজার মুরগি ও টার্কি মারা গেছে, আর সংক্রমণ ঠেকাতে লক্ষাধিক পাখি নিধনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বিশেষজ্ঞদের মতে, এবার শনাক্ত হওয়া এইচ৫এন১ (H5N1) ভাইরাসটি আগের চেয়ে আরও মারাত্মক। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস ও স্লোভাকিয়ায়।
শুধু বেলজিয়ামেই এক টার্কি খামারে ৩১৯টি টার্কি মারা যাওয়ার পর ৬৭ হাজারেরও বেশি পাখি নিধন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
নেদারল্যান্ডসে পরিস্থিতি আরও ভয়াবহ — সেখানে এক খামারে সংক্রমণ ছড়ানোর পর প্রায় ১ লাখ ৬০ হাজার মুরগি নিধনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (WOAH) জানিয়েছে, এই প্রাদুর্ভাব পোলট্রি শিল্পে নতুন করে বিশ্বব্যাপী খাদ্য সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।
বেলজিয়াম ও ফ্রান্স ইতোমধ্যে সব পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে যাতে ভাইরাস ছড়িয়ে না পড়ে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, “যদি এখনই যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, তবে এটা নতুন এক মহামারিতে রূপ নিতে পারে।”
