দেশে ফিরেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ

 দেশে ফিরেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ।

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫



ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁদের লাশ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো তাঁদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় লাশের দাফন কাজের জন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

স্বজনদের কান্নায় বিমানবন্দরে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহত আটজনের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এবং একজনের বাড়ি রাউজান উপজেলায়। এরপর নিহত সাত প্রবাসীর মরদেহ নিয়ে স্বজনরা তাঁদের জন্মভূমি সন্দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হন।

নিহত প্রবাসীরা হলেন— সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু এবং মাইটভাঙা ইউনিয়নের মো. জুয়েল ও রহমতপুরের মো. রনি। অপরজন রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ইউসুফের ছেলে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের সাতজনসহ মোট আটজন বাংলাদেশি প্রবাসী নিহত হন।

নবীনতর পূর্বতন