৬ অক্টোবর ২০২৫
রোজ সোমবার
ভারতের রাজস্থানের জয়পুরে রাষ্ট্রীয় পরিচালিত সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারীসহ আটজন গুরুতর অসুস্থ রোগীর মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। খবর দিয়েছে এনডিটিভি।
ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ঢাকড় বলেন, “নিউরো আইসিইউতে মোট ১১ জন রোগী ভর্তি ছিলেন। সংরক্ষণাগারে হঠাৎ আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”
অগ্নিকাণ্ডের পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো ওয়ার্ড ধোঁয়ায় ভরে যায়। আগুনে বিভিন্ন নথিপত্র, যন্ত্রপাতি ও রক্তের নমুনা পুড়ে যায়।
নিহতদের মধ্যে রয়েছেন পিন্টু (সিকার), দিলীপ (আন্ধি, জয়পুর), শ্রীনাথ (ভারতপুর), রুক্মণি (ভারতপুর), কুশমা (ভারতপুর), সর্বেশ (আগ্রা, উত্তরপ্রদেশ), বাহাদুর (সাঙ্গানার, জয়পুর) এবং দিগম্বর ভার্মা।
হাসপাতালের এক ওয়ার্ড বয় বিকাশ জানান, “আমরা আগুন লাগার পর যতটা সম্ভব রোগীদের উদ্ধার করার চেষ্টা করেছি। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সবাইকে বের করা সম্ভব হয়নি।”
প্রচণ্ড ধোঁয়ার কারণে পুলিশ প্রথমে ভবনে প্রবেশ করতে পারেনি। পরে দমকলকর্মীরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদ বিষয়ক মন্ত্রী জোগারাম প্যাটেল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম ট্রমা সেন্টার পরিদর্শন করেন।
তবে নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, আগুন লাগার সময় হাসপাতালের কর্মীরা পালিয়ে যান এবং রোগীদের বাঁচানোর যথেষ্ট চেষ্টা করেননি।
Tags
আন্তজার্তিক
