নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর ভিত্তিহীন, গুজব বলে দাবি করল এনসিপি।
শুক্রবার,২৪ অক্টোবর ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দল থেকে পদত্যাগ করার যে জল্পনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে দলটি। কিছু সংবাদ মাধ্যম দলের সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করে যে পাটওয়ারী তাঁর পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এই ধরনের খবর প্রকাশের পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সংবাদকে গুজব ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, "নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই যুক্ত আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে, মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি দলের বিভিন্ন উইংয়ের কাজ তত্ত্বাবধান করছেন। অতএব, তাঁর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সঠিক নয়।"
অন্যদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদও এই গুঞ্জন নাকচ করে দেন। তিনি রাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, "আমি নিশ্চিত করছি যে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে খবর ছড়িয়েছে, তা নিছক গুজব। এমন অসত্য ও ভিত্তিহীন সংবাদের আমরা তীব্র নিন্দা জানাই।"
উল্লেখ্য, এর আগে মধ্যরাতের দিকে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির একাধিক সূত্রের বরাতে পাটওয়ারীর পদত্যাগের খবর প্রকাশিত হয়। সেই খবরে বলা হয়েছিল, তিনি প্রায় দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দলীয় হাইকমান্ড এখনও আনুষ্ঠানিকভাবে সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি বলে উল্লেখ করা হয়েছিল।
