পুলিশি হামলার প্রতিবাদে উত্তাল শিক্ষক সমাজ! কাল থেকেই সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি।
রবিবার, ১২ অক্টোবর ২০২৫
সরকারের কাছে দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, কিন্তু পুলিশের সাউন্ড গ্রেনেড ও হামলায় ফেটে পড়েছে শিক্ষকদের ক্ষোভ! এর প্রতিবাদে আগামীকাল সোমবার থেকেই দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
তিনি বলেন, “প্রেসক্লাবের সামনে আমাদের ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে আমরা সোমবার থেকেই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব।”
এর আগে মঙ্গলবার থেকে কর্মবিরতি পালনের কথা থাকলেও, হামলার ঘটনায় সেটি একদিন এগিয়ে আনা হয়।
রোববার সকালে ২০ শতাংশ বাড়িভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে হাজার হাজার শিক্ষক ও কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে প্রতিরোধ গড়ে তোলারও চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুনরায় অবস্থান নেন এবং লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
এমপিওভুক্ত শিক্ষকরা বলেছেন — “যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি না মানা হবে, ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে।”
