টেনেসির সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, হতাহত-নিখোঁজ অনেকে

 সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, হতাহত-নিখোঁজ অনেকে।

শনিবার, ১১ অক্টোবর ২০২৫



ন্যাশভিল, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক বিস্ফোরক উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটির একটি সম্পূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে বলে মার্কিন সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত অঞ্চলে 'অ্যাকিউরেট অ্যানার্জেটিক সিস্টেমস' (Accurate Energetic Systems) নামের কারখানাটিতে এই বিস্ফোরণ ঘটে। লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণের পর ১৯ জন নিখোঁজ রয়েছেন। প্রাথমিক বড় বিস্ফোরণের পর সেখানে ধারাবাহিকভাবে ছোট ছোট বিস্ফোরণ ঘটতে থাকায় উদ্ধারকারী দল দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমান থেকে তোলা ঘটনাস্থলের ভিডিও ফুটেজে ধ্বংসাবশেষ, দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহন এবং কারখানাটির আংশিক অবশিষ্ট অংশ দেখা গেছে।

প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী, অ্যাকুরেট অ্যানার্জেটিক সিস্টেমস সামরিক, মহাকাশ এবং বাণিজ্যিক ধ্বংসের (demolition) বাজারের জন্য বিভিন্ন ধরণের শক্তিশালী পণ্য ও বিস্ফোরক তৈরি, উৎপাদন, পরিচালনা এবং সংরক্ষণ করে। কারখানাটি ১,৩০০ একর জমির উপর অবস্থিত এবং এতে আটটি বিশেষায়িত উৎপাদন ভবন এবং একটি মানসম্পন্ন পরীক্ষাগার (ল্যাব) রয়েছে।

কারখানার নিকটবর্তী লবেলভিল এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে তাদের বাড়িঘর কেঁপে ওঠে। কেউ কেউ বাড়ির সিসিটিভি ক্যামেরায় সেই বিকট শব্দ রেকর্ডও করেছেন। স্থানীয় বাসিন্দা জেন্ট্রি স্টোভার তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, "আমি ঘুম থেকে উঠে ভাবলাম আমার ঘর বুঝি ভেঙে পড়েছে। কয়েক সেকেন্ড পর বুঝতে পারলাম, শব্দটি নিশ্চয়ই অ্যাকিউরেট অ্যানার্জেটিকের দিক থেকেই এসেছে।"

টেনেসির জরুরি ব্যবস্থাপনা সংস্থা (TEMA) জানিয়েছে, ঘটনাস্থলে আহতের খবর পাওয়া গেলেও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। বর্তমানে তদন্ত ও উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউটিভিএফের আকাশ থেকে নেওয়া ফুটেজে দেখা গেছে, পাহাড়চূড়ায় অবস্থিত কারখানাটির একটি ভবন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারপাশে শুধু ছাই হয়ে যাওয়া ধ্বংসাবশেষ ও পুড়ে যাওয়া গাড়ির খোলস পড়ে আছে।

হিকম্যান কাউন্টির জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, লাগাতার বিস্ফোরণের কারণে প্রাথমিকভাবে উদ্ধারকর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি। আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

স্থানীয় শেরিফ ক্রিস ডেভিস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, "আমাদের বেশ কয়েকজন কর্মী এখনো নিখোঁজ। আমরা পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল থাকার চেষ্টা করছি।" তিনি আরও নিশ্চিত করেন যে "কয়েকজনের মৃত্যু নিশ্চিত হয়েছে," তবে ঠিক কতজন মারা গেছেন, সেই সংখ্যা তিনি প্রকাশ করেননি। শেরিফ ডেভিস জানান, বিস্ফোরণের কারণও এখনো নির্ধারণ করা যায়নি এবং তদন্ত শেষ হতে কয়েক দিন সময় লাগতে পারে।

নিকটবর্তী শহর ম্যাকইওয়েনের মেয়র ব্র্যাড র‍্যাচফোর্ড এক বিবৃতিতে এই ঘটনাকে "আমাদের সম্প্রদায়ের জন্য একটি বড় ট্র্যাজেডি" হিসেবে উল্লেখ করেছেন।

নবীনতর পূর্বতন