ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকায় পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে ট্রফিটি বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আসা এই ট্রফিটির সঙ্গে রয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ও ফিফা অ্যাম্বাসেডর জিলবার্তো সিলভা। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রফিটি সরাসরি নিয়ে যাওয়া হয়েছে হোটেল রেডিসন ব্লুতে। সেখানে আজ দুপুরের পর নির্ধারিত কর্মসূচিতে ট্রফিটি প্রদর্শন করা হবে।
ফিফা এবং তাদের অফিসিয়াল পার্টনার কোকা-কোলার যৌথ উদ্যোগে আয়োজিত এই সফরের যাত্রা শুরু হয়েছিল গত ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে। ইতালিয়ান ফুটবল তারকা আলেসান্দ্রো দেল পিয়েরো সেই সফরের উদ্বোধন করেছিলেন। ৭৫টি গন্তব্য ও ৩০টি দেশ ভ্রমণ শেষে আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী আসরে এই সফরের সমাপ্তি ঘটবে।
বাংলাদেশে এবারই প্রথম নয়, এর আগে রাশিয়া ও কাতার বিশ্বকাপের সময়ও ট্রফিটি ঢাকায় আনা হয়েছিল। এবারের সফরে সাধারণ ফুটবল ভক্তদের জন্য ট্রফির সঙ্গে ছবি তোলার বিশেষ সুযোগ রাখা হয়েছে। তবে এই সুযোগ কেবল তারাই পাবেন যারা গত সেপ্টেম্বর থেকে চলা একটি বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন।
নির্ধারিত প্রদর্শনী ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফটো সেশন শেষে আজ রাতেই ট্রফিটি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
