ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেতে পারেন মারওয়ান বারগুতি, কে এই ফাতাহ নেতা?

 ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেতে পারেন মারওয়ান বারগুতি, কে এই ফাতাহ নেতা?

বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫




গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেতে পারেন ফিলিস্তিনের জনপ্রিয় ফাতাহ নেতা মারওয়ান বারগুতি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র কাতারি সংবাদমাধ্যম আল-আরাবি জাদিদকে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় জিম্মিদের মুক্তির জন্য চুক্তির অংশ হিসেবে সিনিয়র ফাতাহ নেতা মারওয়ান বারগুতি, ফিলিস্তিনি জাতীয়তাবাদী সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (PFLP)-এর নেতা আহমেদ সাদাত, এবং হামাসের দুই জ্যেষ্ঠ নেতা ইব্রাহিম হামেদ ও হাসান সালামেহ-কে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরাইল।


টাইমস অব ইসরাইল জানায়, এই চারজনই একাধিক অভিযোগে দীর্ঘদিন ধরে ইসরাইলি কারাগারে বন্দি রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি কারাগারে বন্দি অন্তত ২৫০ জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতাকে মুক্তি দিতে পারে ইসরাইল। তবে তালিকায় কারা রয়েছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।


অন্যদিকে, বিবিসি সূত্রে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় গৃহীত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার আওতায় মোট ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২৫০ জন দণ্ডপ্রাপ্ত ও ১ হাজার ৭০০ জন যুদ্ধ চলাকালে আটক ফিলিস্তিনি রয়েছেন।


তবে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, বারগুতি ও হামেদকে মুক্তির চূড়ান্ত তালিকায় রাখা হয়নি।


১৯৫৯ সালে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় জন্ম নেন মারওয়ান বারগুতি। ১৫ বছর বয়সে ফাতাহ আন্দোলনে যোগ দেন তিনি। ইসরাইলি দমননীতি ও আগ্রাসনের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করায় একাধিকবার তাকে কারাবন্দি হতে হয়।


১৯৭৮ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রথমবারের মতো আটক হন বারগুতি। পরবর্তীতে তিনি ইসরাইলি কারাগারে নির্যাতনের শিকার হন। ২০১৭ সালে কারাগারে থেকে শুরু করেন ব্যাপক অনশন কর্মসূচি। সে সময় দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি কারাগারের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন।


বিশ্লেষকরা মনে করেন, বারগুতি মুক্তি পেলে ফিলিস্তিনি রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হতে পারে এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও তিনি আলোচনায় আসবেন।

নবীনতর পূর্বতন