শিক্ষকদের বাড়ি ভাতা বৃদ্ধি — সরকারের সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
দৈনিক জনশক্তি কণ্ঠ ডেস্ক রিপোর্ট |মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলন অবশেষে সরকার মেনে নিয়েছে। তবে এর মধ্যে শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিক্ষার্থীদের পড়ালেখারও ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন,
বাড়ি ভাতা বৃদ্ধির বিবেচনাটি আগে করলে শিক্ষকমণ্ডলীর কষ্ট ও ছাত্রছাত্রীদের ক্ষতি—উভয়ই এড়ানো যেত। শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা।
ডা. শফিকুর রহমান সরকারের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে আন্দোলনের মুখে সরকার ঘোষণা দেয়—
১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ এবং জুলাই থেকে ১৫ শতাংশ হারে বাড়ি ভাতা পাবেন।
অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে ইতিমধ্যে সম্মতি জানিয়েছে।
এদিকে ১০ দিন ধরে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেছে শিক্ষক নেতারা। তাদের বাকি দাবিগুলো নিয়েও সরকারের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে।
