রায়পুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া

রায়পুর ৪ অক্টোবর ২০২৫ রোজ:শনিবার (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পানিতে ডুবে সামিয়া আক্তার (১২) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উত্তর চরআবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। সামিয়া ওই ওয়ার্ডের মো. পলাশ হোসেন ও সোনিয়া আক্তারের কন্যা। এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক সকাল ১০টার দিকে সামিয়া বাড়ির পাশের বেড়ি খালে গোসল করতে গিয়েছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজার পর একপর্যায়ে খালটিতে ভাসমান অবস্থায় সামিয়াকে দেখতে পান এবং দ্রুত তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে সামিয়াকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলেও, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটি স্থানীয় সূত্রে জানা গেছে, গোসল করার সময় অসাবধানতাবশত সে গভীর পানিতে পড়ে যায়। শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সামিয়ার পরিবার ও স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
নবীনতর পূর্বতন