রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও পৌনে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
রোববার (৫ অক্টোবর) দিবাগত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় সংলগ্ন হাজী রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘লিলি গোল্ড হাউজ’ নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) দোকান মালিক জাকির হোসেন যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, “৫ অক্টোবর রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাই। পরদিন সকালে এসে দেখি পাশের দোকানের দেয়াল কেটে শোকেজ থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও ক্যাশবাক্সে থাকা পৌনে তিন লাখ টাকা নিয়ে গেছে।”
দোকানের উত্তর পাশের দেয়ালের নিচের অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। দেয়াল কেটে ভেতরে প্রবেশের সময় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ।
জাকির হোসেন আরও বলেন, “দুই মাস আগে পাশের দোকানটি ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি থ্রিপিস ব্যবসার নামে শহিদুল ইসলাম রতনের কাছ থেকে ভাড়া নেয়। আমার ধারণা, তারাই পূর্বপরিকল্পিতভাবে দেয়াল কেটে চুরি করেছে।”
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, “কাপড়ের ব্যবসার নামে পাশের দোকানটি ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে দোকানটি ভাড়া নিয়েছিল।”
তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
Tags
চোর-ডাকাত
